বারমাস্যা

 

প্রথমে বাঁদিকে, তারপর ডানদিকে তারপর আবার বাঁ ...

এভাবে ঠিক এভাবেই রাস্তা পেরোতে শিখেছিলাম

 

এরমধ্যে কোথাও চোখ আঁটকে গেলে অন্য কথা কিম্বা বুকপকেটে যদি সময়ের কিছু রেস্ত থাকে তাহলে আরও কিছুক্ষন শহরের পথচলতী ওম শরীরে মেখে নেওয়া যেতে পারে। এবং ডেকার্স লেনের চেনা রেস্তোঁরায় লুকিয়ে কবিরাজি আর বাসের সেকেন্ড গেটে দাঁড়িয়ে সিগারেটে শেষ সুখটান ...

তার পর পাড়ার মোড়ে রোনাল্ডো আর জিদান সম্পর্কিত কিছু বিশেষজ্ঞের মতামত ... মোবাইলে নতুন ব্যান্ডের গানের রিংটোন রাজনৈতীক কিছু আদিখ্যেতা আর অবসন্ন খবরের কাগজ ...

 

এছাড়া নমাসে ছমাসে ভাগ্য সুপ্রসন্ন হলে সকালের শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে এক ছুটে পলাশ উৎসবে ...

 

প্রথমে বাঁদিকে, তারপর ডানদিকে তারপর আবার বাঁ ...

এভাবে ঠিক এভাবেই রাস্তা পেরোতে শিখেছিলাম

 

এরাস্তা থেকে অন্য রাস্তা এই পাড়া থেকে অন্য পাড়া এদেশ থেকে অন্য ...

যেন রাস্তা পেরোবার জন্যই জন্ম হয়েছে আমাদের ...

 

তার সাথে সাথে প্রতি মুহূর্তে ফুটপাথ বদলে যায় বদলায় সাইনবোর্ড নীলচে স্বপ্নিল চোখে তাকিয়ে থাকা নিওন সুন্দরী চোখ পালটায় যেন পালটে দেবে আবহাওয়ার পূর্বাভাস অনির্বচনীয় সুখে।

এবং বদল হয় চোখ এবং মুখের ভাষা ধাক্কা খাওয়া মানুষের গায়ের রং, মাথার চুল, টাক এবং হাঁটাচলার ধরন সকালের পছন্দসই আলস্য এবং কুয়োর জলের স্বচ্ছতার পরিমাপ ...  

 

প্রথমে বাঁদিকে, তারপর ডানদিকে তারপর আবার বাঁ ...

 

আর এভাবেই আঁটকে যাওয়া চোখ, পলাশ উৎসব আর বদলানো সময়ের সঙ্গে চু-কিৎ-কিৎ খেলতে খেলতে আমরাও একদিন বড় হয়ে গেলাম ...

 

রাহুল গুহ

৭ই জুলাই, ২০০৬