দুর্বাসার শাপ

 

এই নাও তোমায় দিলাম দূর্বাসার শাপ

বাজুবন্ধে লুকিয়ে রাখা নির্বিকল্প ছুরি

কানের পাশে সপাটে চড় এবং স্খলনটিও

প্যাচপয়জার তোমার জন্য সবুজ রঙের নোট

 

এই নাও তোমায় দিলাম ভুবনডাঙার মাঠ

ইঁটের ওপর ইঁট সাজিয়ে নষ্ট করো তাকে

শোবারঘরে বাঈজি নাচুক সোনার বাঙলা দেশ

নক্সি কাঁথায় ধিনাক ধিন সুযোগ খোঁজা চোখ

 

এই নাও তোমায় দিলাম ফুস্কুড়ি এই সময়

পিঠের মধ্যে ঘায়ের মত লেপ্টে নিয়ে ঘুরো

বিক্রি কোরো আর যা আছে চামড়া এবং মন

এবং কিছু বান্ধবসুখ চোয়ালভর্তি পুঁজ

 

এই নাও তোমায় দিলাম দূর্বাসার শাপ

তোমার ছেলের চোখে ফুটবে শাপলা ফুলের মাঠ

 

২৯শে জুলাই, ২০০৬