উৎসব

 

কাল রাত্রের ঝড়ে বাজ পড়েছিল

দেবদারু গাছ খানি জ্বলে পুড়ে ছাই

 

আমি তার গোড়ালির পাশে বসে আছি

 

এখন আঁচলটিতে সূর্যের ছায়া

উঠোনেতে মেলে রাখা লাল নীল সুখ

পবিত্র উচ্চারণে শাঁখা ও সিঁদুরে

যৌথ বিছানা আর একরাশ মাটি

তখন সমস্ত রাত আদরে সোহাগে

বাজপড়া গাছটিতে নীলকন্ঠ পাখী

 

আমি সেই উৎসবে উপোষী অতিথি

চেটেপুটে শুষে নিই যতটুকু পাই

শিরার মধ্যে আজ নেশাগ্রস্ত ছুট

বেহায়া এগিয়ে দিই সূরাপাত্র খানি

শালগ্রাম শিলা আর ব্যাভিচারী সুখ

আমাদের বন্ধন আরো দৃঢ় হয়

 

কাল রাত্রের ঝড়ে বাজ পড়েছিল

দেবদারু গাছ খানি জ্বলে পুড়ে ছাই

বাউল দাম্পত্যসুখ খোলা গোড়ালিতে

উৎসবে অভিসারে দেবদারু গাছে

আমাদের কষ্টগুলি ফুল হয়ে ফোটে

 

আমি সেই উৎসবে গা ডুবিয়ে থাকি

 

রাহুল গুহ

১৪ জুন, ২০০৬